ছোট গল্প:মহানবীর (সা) দয়া শহিদুর রহমান, সংগ্রহে -মাওলানা মোঃ ফরিদুল ইসলাম।
ছোট গল্প:মহানবীর (সা) দয়া
শহিদুর রহমান
মহানবী হযরত মুহাম্মদ (সা)। তিনি ৫৭০ খৃষ্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্ম গ্রহণ করেন। জন্মের পূর্বে তাঁর পিতা মারা যান এবং পরে তাঁর মাতাও ইন্তেকাল করেন। দাদা ও চাচার স্নেহ-যত্নে তিনি লালিত পালিত হন। ৪০ বছর বয়সে নবুয়াত প্রাপ্তির পর তিনি ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন। তাঁর প্রচারের মূল মন্ত্র ছিল "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।" অর্থাৎ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। হযরত মুহাম্মদ (সা) আল্লাহ রসূল।
ইসলামের এই বাণী শুনে আরবের লোকেরা হযরত মুহাম্মদ (সা)-এর বিরোধিতা করতে থাকে। সকল বাধা উপেক্ষা করে তিনি ইসলামের বাণী প্রচার করতে থাকেন। যারা বিরোধিতা করতে থাকে তাদের মধ্যে ছিল আবু লাহাব, আবু জেহেলসহ আরো অনেকে। তারা প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা)-কে ইসলামের বাণী প্রচার করতে বাধা দিয়েই থেমে থাকেনি, হযরত মুহাম্মদ (সা)-কে হত্যা করারও এক পরিকল্পনা গ্রহণ করে। এই হত্যাকারীদের মধ্যে দাসুর নামের একজন লোক ছিল। সে মহানবী হযরত মুহাম্মদ (সা)-কে কোথায় এবং কেমন করে হত্যা করা যায়-এর উপায় বের করার জন্য দিন-রাত চিন্তা করতে লাগল। একদিন দাসুর নিজেই হযরত মুহাম্মদ (সা)-কে হত্যা করার জন্য রাস্তায় বেরিয়ে পড়ল।
একটা খোলা তলোয়ার নিয়ে দাসুর মহানবীকে (সা) খুঁজতে থাকে। দিন যায় রাত যায়। দাসুর মহানবী (সা)-কে হত্যা করার কোন সুযোগ পায় না। একদিন মহানবী (সা) একটা গাছের নীচে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে ইসলামের দুশমন দাসুর মহানবীর (সা) কাছে এসে চিৎকার শুরু করে দিল। তার চিৎকারে মহানবী (সা) ঘুম থেকে জেগে উঠে দেখেন, দাসুর একটা উন্মুক্ত তরবারী নিয়ে তাঁকে হত্যা করতে উদ্যত।
ইসলামের চির দুশমন দাসুর চিৎকার করে বলে উঠলো, এখন তোমাকে কে রক্ষা করবে? মহানবী হযরত মুহাম্মদ (সা) বিচলিত না হয়ে শান্তস্বরে বললেন, 'আল্লাহ'। দাসুর মহানবীর (সা) শান্ত স্বরে আল্লাহর নাম উচ্চারণ শুনে কেঁপে উঠল। তার হাতের তরবারী মাটিতে পড়ে গেল।
মহানবী (সা) ঐ তরবারী হাতে তুলে নিয়ে বললেন, এখন তোমাকে কে রক্ষা করবে দাসুর? ভয়ে ভীত হয়ে দাসুর উত্তর দিল, কেউ রক্ষা করার নেই।
দাসুরের উত্তরে মহানবী (সা) বললেন, 'না, তোমাকেও আল্লাহ্ রক্ষা করবেন।' এ বলেই মহানবী (সা) তরবারী দাসুরের হাতে তুলে দিলেন এবং চলে যেতে বললেন।
দাসুর অবাক হয়ে গেল। সে বুঝতে পারল তাকে হত্যার এমন সুযোগ পেয়েও যিনি প্রতিশোধ নিলেন না, তিনি তো মানুষ না, মহামানব। বড়ই মহান। দাসুর মহানবীর (সা) ধৈর্য ও আল্লাহর প্রতি অপরিসীম আস্থা দেখে বিচলিত হল এবং তাঁর হাতে হাত রেখে পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ'।
সবুজ পাতা-৩১/ডিসেম্বর '০৩
আমার জীবনের প্রথম পুরস্কার প্রাপ্ত (৫ ম শ্রেণীতে-২য় )
সবুজ পাতা পত্রিকা বই থেকে সংগৃহীত।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন